আনলক ফোরের (Unlock 4) জন্য নয়া গাইডলাইন ঘোষণা করল কেন্দ্র। শনিবারই জানিয়ে দেওয়া হল, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে সমপ্ত কনটেনমেন্ট জোনে চলবে লকডাউন। একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হল, কেন্দ্রের সঙ্গে আলোচনা ছাড়া কোনও রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল কনটেনমেন্ট জোন ব্যতীত আলাদা করে লকডাউন ঘোষণা করতে পারবে না।
আনলক পর্বের গোড়া থেকেই দেশজুড়ে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে দ্রুত করোনা রোগী চিহ্নিতকরণের জন্য জোর দেওয়া হয় ট্র্যাকিং, ট্রেসিং ও টেস্টিংয়ে। সেই সঙ্গে বাংলা-সহ একাধিক রাজ্য সংক্রমণের চেন ভাঙতে সপ্তাহে এক কিংবা দু’দিন করে পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল। আগস্ট মাসে সেই নিয়ম অনুসরণ করে সপ্তাহে সর্বোচ্চ দু’দিন করে পূর্ণ লকডাউন হয়েছে। রাজ্য সরকারের ঘোষিত দিন অনুযায়ী, আগামী ৩১ আগস্ট চলতি মাসের শেষ পূর্ণ লকডাউনের দিন। আবার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন, রাজ্যে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে। তার মধ্যে ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর থাকবে পূর্ণ লকডাউন। কিন্তু এরই মধ্যে কেন্দ্রের ঘোষণায় তৈরি হল ধন্দ।
কেন্দ্র জানিয়ে দিয়েছে, রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল কনটেনমেন্ট জোনের (Containment Zone) বাইরে স্থানীয় লকডাউনের কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। কোনও রাজ্যের কোনও জেলা কিংবা শহর অথবা গ্রামও নিজেদের মতো করে সংক্রমক এলাকার বাইরে লকডাউন জারি করতে পারবে না। তার জন্য আগেভাগে কেন্দ্রকে জানাতে হবে। মোদি সরকার অনুমতি দিলে তবেই লকডাউন ঘোষণা করা যাবে। তাই প্রশ্ন উঠছে, তবে কি আগামী ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন হবে না? রাজ্য সরকারের তরফে এ নিয়ে বিবৃতি দিলে তবেই বিষয়টি পরিষ্কার হবে।
দেশজুড়ে চলছে আনলক পর্ব। অর্থাৎ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে দেশকে ফেরাতে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। শপিং মল থেকে ধর্মীয় স্থান- ইতিমধ্যেই ছাড় পেয়েছে এই ক্ষেত্রগুলি। শনিবার নয়া গাইডলাইন অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে মেট্রো রেল পরিষেবা। কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যেতে পারবে। তবে সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের তাদের উপর নজর রাখতে হবে। সামাজিক, শিক্ষামূলক, ক্রীড়া, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিনোদনমূলক এবং ধর্মীয় অনুষ্ঠানে ২১ সেপ্টেম্বর থেকে ১০০ জন করে জমায়েত হতে পারবেন। তবে আপাতত খুলছে না সিনেমা হল, থিয়েটার, বিনোদন পার্ক ও সুইমিং পুল।
UNLOCK 4: দেশ জুড়ে কী কী চালু হচ্ছে একনজরে
Bong Khobor
August 29, 2020
দেশ জুড়ে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে আনলক ৪। শনিবার তারই নতুন গাইডলাইন প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে কনটেনমেন্ট জোনের বাইরে একাধিক পরিষেবায় ছাড়পত্র দেওয়া হয়েছে।
কী কী খোলা হল, রইল সেই তালিকা:
#সামাজিক, বিনোদন মূলক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠানে ছাড়পত্র দেওয়া হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে। ১০০ জনকে নিয়ে অনুষ্ঠান করা যাবে।
#২১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে ওপেন এয়ার থিয়েটার।
সেপ্টেম্বর থেকে কনটেনমেন্ট জোনের বাইরে ৫০ শতাংশ শিক্ষক-শিক্ষিকাকে স্কুলে হাজির হতে বলা হয়েছে। সেখান থেকেই অনলাইনে ক্লাস করানো হবে। টেলি কাউন্সেলিংয়ের কাজও হবে।
#৭ সেপ্টেম্বর থেকে চালু হবে মেট্রো পরিষেবা। ধাপে ধাপে সেই পরিষেবা খুলে দেওয়া হবে।
#এক রাজ্য থেকে অন্য রাজ্যে অথবা এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ক্ষেত্রে যানবাহনগুলির আর কোনও নিয়ন্ত্রণ থাকছে না। কোনও আলাদা পারমিটও লাগবে না।
মিলবে জোড়া সরকারি সুবিধা! গ্রাহকদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের
Bong Khobor
August 29, 2020
প্রধানমন্ত্রীর জনধন প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই মিলবে আরও সুবিধা। শুক্রবার এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। এদিন তিনি জানিয়েছেন, জনধন প্রকল্পের (Jan Dhan Yojana) অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট হোল্ডারদের দুই বিমা প্রকল্পের সুবিধাও দেওয়া হবে। সরকারি পরিসংখ্যান বলছে, প্রায় ৩৫ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন।
নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর বছরে অল্প প্রিমিয়ামে দু’টি বিমা প্রকল্প চালু করে। সাধারণ বিমাটির নাম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্প এবং দুর্ঘটনা বিমাটির নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্প। জন ধন প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাঁদের রয়েছে তাঁরাও এই দুই প্রকল্পের সুযোগ নিতে পারবেন বলে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, ১৮ থেকে ৫০ বছরের যে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্পের আওতায় আসতে পারেন। বছরে মাত্র ৩৩০ টাকার প্রিমিয়াম দিতে হয়। এতে গ্রাহকের মৃত্যু হলে দু লক্ষ টাকা মেলে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্পের আওতায় আসতে পারেন ১৮ থেকে ৭০ বছর বয়সের ব্যক্তিরা। এই প্রকল্পে বছরে প্রিমিয়াম মাত্র ১২ টাকা। দুর্ঘটনায় মৃত্যু বা কর্মক্ষমতা চলে গেলে মেলে দু লক্ষ টাকা এবং আংশিক কর্মক্ষমতা খোয়ালে মেলে এক লক্ষ টাকা মেলে। বলাইবাহুল্য, এরফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভারতীয়রা বিমা সুবিধা পাবেন। এখানেই শেষ নয়। এই অ্যাকাউন্টের মালিকদের আরও বেশকিছু সুবিধা দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। তার মধ্যে অন্যতম হল রেকারিংয়ের সুবিধা দেওয়া। সুযোগ মিলবে ডিজিটাল লেনদেনেরও। ওয়াকিবহাল মহলের মতে, বিহারের নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। সেই বৈতরণী পার করতেই একের পর েক জলদরদী ঘোষণা করছে কেন্দ্র।
মোবাইল সিম নিয়ে আসতে চলেছে নতুন নিয়ম ! জানুন বিস্তারিত
এবার সহজেই প্রিপেইড মোবাইল নম্বরকে বদলে নিতে পারেন পোস্টপেইড কানেকশনে। মোবাইল ফোন গ্রাহকদের এবার প্রিপেইড সিম কার্ড পোস্টপেইড কানেকশনে বদলানোর জন্য আর দ্বিতীয়বার যাচাই বা ভেরিফিকেশন করাতে হবে না।গ্রাহকের মোবাইলে আসা ওটিপি থেকেই যাচাই বা ভেরিফিকেশন হয়ে যাবে। আর বিলিংয়ের জন্য গ্রাহকদের নিজের ঠিকানা প্রমান কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতে পারবেন।
গ্রাহকদের যাচাই বা ভেরিফিকেশনের জন্য টেলিকম বিভাগ নতুন নির্দেশিকা তৈরি করে নিয়েছে। যা এক থেকে দুই সপ্তাহের মধ্যে জারি করা হতে পারে। উল্লেখযোগ্য, দেশে ৯০ কোটিরও বেশি প্রিপেইড মোবাইল গ্রাহক রয়েছে।
জানা গেছে যে এতে জম্মু ও কাশ্মীরে যাওয়া গ্রাহকদেরও সুবিধা হবে। কারণ জম্মু ও কাশ্মীরে অন্য কোনও রাজ্যের প্রিপেইড সিম কাজ করে না।
স্বাধীনতা দিবসে বড় ঘোষণা প্রধান মন্ত্রীর
Bong Khobor
August 15, 2020
৭৪ বছরের মধ্যে ব্যতিক্রমী স্বাধীনতার দিবসের সাক্ষী গোটা দেশ। তবুও উৎসাহে কোনও ভাটা নেই। এদিন লালকেল্লা থেকে এক দেশ এক রেশন কার্ডের আদলে ‘এক দেশ এক হেলথ কার্ড’ ব্যবস্থা চালু করার প্রস্তুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রী বলেন, “তিনি আরও বলেন, “নাগরিকদের মেডিক্যাল ডেটা রাখার জন্য হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসকদের একটি সার্ভারের সঙ্গে যুক্তকরা হবে৷ তবে এই প্রকল্পে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয়, নাগরিক বা হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে তবেই তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন৷ এই প্রকল্পে যুক্ত হলে প্রত্যেক নাগরিকের একটি সিঙ্গল ইউনিক আইডি তৈরি হবে৷ এই আইডি দিয়েই লগ ইন করা যাবে৷”
এদিন প্রধানমন্ত্রী জানান, ডিজিটাল স্বাস্থ্য মিশন (National Digital Health Mission)-এর আওতায় এই পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য একটিই প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে৷ এর পাশাপাশি আধার কার্ডের মতো প্রত্যেক নাগরিকের হেলথ আইডি কার্ড তৈরি করা হবে৷ এই তথ্য ভাণ্ডারে চিকিৎসকদের তালিকা সহ দেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে৷ এই প্রকল্পে প্রত্যেক নাগরিককেই একটি করে হেলথ কার্ড তৈরি করতে হবে৷ ভবিষ্যতে সমস্ত রকমের টেস্টএবং চিকিৎসা করালে তার যাবতীয় তথ্য সংশ্লিষ্ট কার্ডের নম্বরে সংরক্ষিত থাকবে৷
কেন্দ্রের হাতেই থাকবে করোনার ভ্যাকসিন সংগ্রহ ও সরবরাহের দায়িত্ব
Bong Khobor
August 13, 2020
করোনার ভ্যাকসিন নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। সংক্রমণ রুখতে ভারতে কোন ভ্যাকসিন ব্যবহার করা হবে তা ঠিক হলে করোনার সেই প্রতিষেধক সংগ্রহ থেকে শুরু করে সরবরাহের সব দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের হাতেই।
কোনও রাজ্য সরকার আলাদা করে করোনার ভ্যাকসিন সংগ্রহ করতে পারবে না। দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। করোনার কোন ভ্যাকসিন ভারতে প্রয়োগ করা হবে সে ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হলে কেন্দ্রীয় সরকারই দেশের কোনায়-কোনায় সেই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে।
মঙ্গলবার বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করে রাশিয়া। পুতিনের দেশে তৈরি ওই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত হওয়ার পরেই ওই ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নেবে ভারত।
যদিও ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রক করোনার প্রতিষেধক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে। বুধবার সেই দলের বৈঠকে ছিলেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পাল। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ-সহ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
করোনার কোন ভ্যাকসিন ভারতে প্রয়োগ করা হবে তা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হলে কীভাবে তা সংগ্রহ ও বণ্টন করা হবে তা নিয়ে বৈঠক হয়। ভারতের প্রতিটি নাগরিকের সুরক্ষার স্বার্থেই ভ্যাকসিন সংগ্রহ ও বণ্টনে বাড়তি তৎপরতা নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
সম্ভাব্য ভ্যাকসিন সরবরাহের কাজ স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর কেন্দ্র। ঠিক হয়েছে, ভ্যাকসিন প্রয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা সংগ্রহ ও সরবরাহের দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের হাতেই। দেশের কোনও রাজ্য নিজেদের মতো করে সম্ভাব্য ওই ভ্যাকসিন সংগ্রহ করতে পারবে না।
কেন্দ্রীয় সরকার দেশের কোনায়-কোনায় সেই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে। করোনার ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিস্তারিত আলোচনা করেছে বিশেষজ্ঞ দল।
কোন ভ্যাকসিন দেশ গ্রহণ করবে সেটা ঠিক করবে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনিজেশন। করোনার ভ্যাকসিন প্রয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর দেশীয় সংস্থার পাশাপাশি বিদেশী সংস্থার সঙ্গে হাত মিলিয়েও ভ্যাকসিনের ডোজ তৈরির কাজ চালাবে ভারত।
